শিরোনামঃ-

» পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

মশক নিধনের পাশাপাশি জনসচেতনতায় গুরুত্ব, আঙিনা পরিষ্কারের আহ্বান

নিউজ ডেস্কঃ

নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা কিংবা বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া-এমন ছোট ছোট সচেতনতাই পারে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়তে শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual2 Ad Code

এ বার্তা নিয়ে তিনি নিজেই নেমেছেন মাঠে। নগরীর এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে যাওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের উদ্বুদ্ধ করছেন পরিচ্ছন্নতা বজায় রাখতে।

মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান চালাচ্ছে সিসিক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর জল্লারপাড় এলাকায় চলমান এ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তবে তাঁর এ পরিদর্শনের উদ্দেশ্য শুধু পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের কাজ তদারকি করা নয়; বরং নগরীর বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা তৈরি করাও।

পরিদর্শনকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা, বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন করেন।

Manual3 Ad Code

কিছু বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বাড়ির মালিকদের নিজেদের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

এ সময় জনসচেতনতা সৃষ্টিতে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন নগরী গড়তে চাই, যেখানে কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকবে না।

পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং মশাবাহিত রোগ থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব হবে।

বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে সচেতন হতে হবে। বাড়ির ভেতরে কিংবা বাইরে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের আঙিনা নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।’

তিনি বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীরা দিনরাত কাজ করছেন।

কিন্তু একদিকে কর্মীরা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন, অন্যদিকে কিছু মানুষ রাস্তাঘাট ও ড্রেনে ময়লা ফেলছেন।

অনেকে নিজেদের বাড়ির আঙিনাও অপরিচ্ছন্ন রাখছেন। এভাবে চলতে থাকলে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।

এতে রোগজীবাণুর ঝুঁকি বাড়ার পাশাপাশি মশার উপদ্রবও বৃদ্ধি পায়।

Manual3 Ad Code

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়ার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।

নগরবাসীকে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেষ্ট হতে হবে।

নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া কোনভাবেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলা সম্ভব নয়।

মশার ওষুধের কার্যকারিতা নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে তিনি বলেন, দেশের সব সিটি করপোরেশন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের একই উৎস থেকে মশার ওষুধ সংগ্রহ করে।

বিভিন্ন পর্যায়ে কার্যকারিতা যাচাইয়ের পর এসব ওষুধ কেনা ও প্রয়োগ করা হয়। তাই ওষুধের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।

Manual5 Ad Code

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সিসিক কার্যক্রম পরিচালনা করছে।

সিলেটে এখনো এডিস মশার বিস্তার ঘটেনি। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও জীবনহানি কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হোক, তা আমরা চাই না।

এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মশক নিধন ও লার্ভা ধ্বংসের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অভিযান চলাকালে পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রশাসক।

একই সঙ্গে শুধু ময়লা পরিষ্কার করলেই হবে না, নাগরিকদের নির্ধারিত স্থানে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করার জন্যও কর্মীদের নির্দেশনা দেন তিনি।

পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনকারীদের ভবিষ্যতেও পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন।

সিসিকের এ উদ্যোগের মূল বার্তা হলো—পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরও নিজেদের অভ্যাসে পরিবর্তন আনতে হবে।

সিটি করপোরেশন তার দায়িত্ব পালন করবে, কিন্তু প্রতিটি বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সংশ্লিষ্ট বাসিন্দাদেরই।

প্রশাসকের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করার উদ্যোগ সেই নাগরিক দায়িত্ববোধ তৈরিরই একটি প্রচেষ্টা।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা নগরবাসীকে সুরক্ষা দিতেই কাজ করছি।

এ কাজে নগরবাসীকে আমাদের সহযোগিতা করতে হবে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সিলেটে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

যদিও এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি। আমরা চাই নগরবাসীকে নিরাপদ রাখতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন সহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট এলাকার বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30