শিরোনামঃ-

» ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৬ | বুধবার

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ
গত ১৬ অক্টোবর সিলেটের অন্যতম বেসরকারি চিকিৎসালয় মাউন্ট এডোরা হাসপাতালে একটি নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনাকর পরিস্থিতির সামাজিক ও শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে উভয় পক্ষের উপস্থিতিতে এক যৌথ সভার মাধ্যমে এই বিরোধের অবসান ঘটে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী-এর বিশেষ মধ্যস্থতা ও উদ্যোগে এই সমঝোতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীর্ঘ আলোচনার পর সুনির্দিষ্ট কিছু আশ্বাসের ভিত্তিতে উভয় পক্ষ বিরোধ নিরসনে একমত পোষণ করেন।
সমঝোতা সভায় মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে গত ১৬ অক্টোবরের ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের জন্য দুঃখ প্রকাশ ও আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করা হয়।
একই সাথে, ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ও কঠোর প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান করেন।
বিরোধ নিষ্পত্তিতে মুখ্য ভূমিকা পালনকারী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, চিকিৎসক ও রোগী-উভয় পক্ষই আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। যেকোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, তবে সেই মৃত্যুকে কেন্দ্র করে কোন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বা প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে অমানবিক ও অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছে এবং দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির যে প্রতিশ্রুতি দিয়েছে, তা প্রশংসনীয়।
আমরা আশা করি, ভবিষ্যতে সিলেটের চিকিৎসা সেবায় যেকোন ধরনের রোগীর স্বজনদের সাথে মানবিক ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারেন।
সমঝোতা সভায় মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হাসপাতালটির পরিচালক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আখলাক আহমেদ, মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) ডা. তানভীর-উজ-জামান এবং অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের কনসালট্যান্ট ডা. রায়হান আহমেদ।
সভায় উভয় পক্ষের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, বোগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল হক জুয়েল এবং বিএনপি নেতা মোরশেদ আলম।
নবজাতকের পরিবারের পক্ষে সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক বিল্লাল হোসেন সাগর ও আব্দুল কুদ্দুছ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও নবজাতকের অভিভাবকরা হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমাপ্রার্থনা ও শাস্তিমূলক ব্যবস্থার প্রতিশ্রুতি মেনে নিয়ে চলমান ভুল বোঝাবুঝির অবসান ঘটান এবং উভয় পক্ষ সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031